# Tags

ঢাকা-১ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

দোহার (ঢাকা): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রোববার রাত ৮টায় উপজেলার লটাখোলা বাজার এলাকায় দলীয় কার্যালয়ে দোহার-নবাবগঞ্জের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ইশতেহার ঘোষণা করেন।
এ সময় ব্যারিস্টার নজরুল ইসলাম বলেন, তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছিলেন। অতীতে রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন বিদেশে অবস্থানকালে তিনি বিভিন্ন আন্তর্জাতিক মহলে দেশের পরিস্থিতি তুলে ধরেছেন।
তিনি বলেন, দোহার ও নবাবগঞ্জ প্রবাসী অধ্যুষিত এলাকা হলেও জনগণের জীবনমানে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। আধুনিক, পরিকল্পিত, সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন এখনও অধরাই রয়ে গেছে। তিনি সৎ, দক্ষ ও জনসেবামুখী নেতৃত্বের মাধ্যমে এলাকার উন্নয়ন ঘটানোর অঙ্গীকার করেন।

তার ঘোষিত নির্বাচনী ইশতেহারের প্রধান বিষয়গুলো হলো:
প্রবাসী সেবা: প্রবাসী সহায়তা সেল গঠন, পরিবার সুরক্ষা, প্রবাসী কল্যাণ ব্যাংকের কার্যক্রম জোরদার, প্রতারণা রোধ এবং দোহার-নবাবগঞ্জে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপন।
নারী উন্নয়ন ও নিরাপত্তা: প্রতিটি গ্রামে নারী উন্নয়ন কেন্দ্র স্থাপন, বিনা খরচে সেলাই, কম্পিউটার ও কুটির শিল্প প্রশিক্ষণ, নারী উদ্যোক্তাদের ক্ষুদ্রঋণ এবং থানায় নারী-শিশু সুরক্ষায় ২৪/৭ হেল্পলাইন চালু।
স্বাস্থ্যসেবা: দুই উপজেলার সরকারি হাসপাতাল ১০০ শয্যায় উন্নীতকরণ, সব ধরনের টেস্ট ও ভ্যাকসিন নিশ্চিতকরণ, মা ও শিশু চিকিৎসা কেন্দ্র, গ্রামভিত্তিক ফ্রি ফ্রাইডে ক্লিনিক, টেলিমেডিসিন ও সাশ্রয়ী অ্যাম্বুলেন্স সেবা।
শিক্ষা: দোহারে পলিটেকনিক ও নবাবগঞ্জে নার্সিং ইনস্টিটিউট স্থাপন, অনার্স কলেজে মাস্টার্স কোর্স চালু, শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ এবং ঢাকা জেলা মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ।
অবকাঠামো ও পরিবহন: মেট্রোরেল সম্প্রসারণের উদ্যোগ, আধুনিক বাস ও নৌ-টার্মিনাল নির্মাণ, রাস্তা সংস্কার, ড্রেজিং ও ফ্লুইসগেট নির্মাণ, অবৈধ বালু উত্তোলন বন্ধ।
কৃষি, তাঁত ও কর্মসংস্থান: সার-বীজ বিতরণে স্বচ্ছতা, তাঁত বোর্ড শক্তিশালীকরণ, কৃষক কল্যাণ ট্রাস্ট, তরুণদের জন্য জব ফেয়ার এবং স্থানীয় পণ্যের জিআই স্বীকৃতির উদ্যোগ।
সুশাসন: “হ্যালো এমপি ২৪/৭” হেল্পলাইন, ইউনিয়নভিত্তিক গণশুনানি, উন্মুক্ত বাজেট, ভাতা ও সরকারি সুবিধা ন্যায্যভাবে বণ্টনের প্রতিশ্রুতি।
যুব উন্নয়ন: টিটিসি স্থাপন, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্র, ক্ষুদ্র শিল্পে অর্থসহায়তা, বেকারমুক্ত উপজেলা গড়ার পরিকল্পনা।
শ্রমিক কল্যাণ: শ্রমিক স্বাস্থ্যবিমা চালুর উদ্যোগ, বিনামূল্যে আইনি সহায়তা, ভর্তুকি ও সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ।
নদীভাঙন ও জলবায়ু: পদ্মা, ইছামতি ও কালিগঙ্গা নদীতে স্থায়ী বাঁধ, ভাঙনকবলিতদের সহায়তা, বৃক্ষরোপণ কর্মসূচি।
সংস্কৃতি ও ক্রীড়া: ইউনিয়নভিত্তিক ক্রীড়া লীগ, মিনি স্টেডিয়াম, সাংস্কৃতিক কেন্দ্র ও ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ।
ডিজিটাল সেবা: ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল সেবা কেন্দ্র, ই-গভর্ন্যান্স ও স্মার্ট গ্রাম বাস্তবায়ন।
পর্যটন উন্নয়ন: আড়িয়াল বিলসহ বিভিন্ন এলাকায় পর্যটন কেন্দ্র, শিশু পার্ক, নদীপাড়ে ওয়াকওয়ে ও পরিবেশবান্ধব উন্নয়ন।
সেবা কেন্দ্র: ২৪/৭ হেল্পলাইন, নিয়মিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, অভিযোগ গ্রহণের জন্য ইমেইল ও অনলাইন গ্রুপ চালু।
তিনি বলেন, নির্বাচিত হলে পাঁচ বছরের মধ্যে দোহার ও নবাবগঞ্জকে একটি মডেল উন্নয়ন অঞ্চলে পরিণত করার চেষ্টা করবেন। সুশাসন, সমৃদ্ধি, মানবিকতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার করেন তিনি।