# Tags

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোরিকশা চালক খুনের ঘটনায় গ্রেপ্তার-২

আব্দুর রউফ ভুঁইয়া,কিশোরগঞ্জ প্রতিনিধি-কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার চালককে খুনের মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে কিশোরগঞ্জ জেলা শহরের উজানভাটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল ও নগদ ১৮ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তাকৃতরা হলো, গোপালগঞ্জ জেলা সদরের গোপীনাথপুর এলাকার মৃত জসিম শেখের ছেলে হিরু শেখ (৪৫) ও কিশোরগঞ্জ শহরতলির আমাটি শিবপুর এলাকার মৃত আফছর উদ্দিনের ছেলে মো. বিপ্লব (৪৫)।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের বাঘপাড়া গ্রামের মৃত হাসেম উদ্দিনের ছেলে মো. সুলতান (৬২) গত ৩ আগস্ট সকালে বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হন। রাতে তাঁকে অচেতন অবস্থায় পাকুন্দিয়া সদরের জামে মসজিদের বারান্দা থেকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, পরদিন ৪ আগস্ট উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সুলতান মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. মিনা বাদী হয়ে ৫ আগস্ট পাকুন্দিয়া থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

অন্য আসামিদের গ্রেপ্তার ও অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি সাখাওয়াত।