দেশে আবারো ১/১১এর কুশিলবরা ষড়যন্ত্র শুরু করেছে -দুলু
নাটোর প্রতিনিধি-বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশে আবারো ১/১১এর কুশিলবরা ষড়যন্ত্র শুরু করেছে।
এই কুশিলবরা সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চরিত্রে কালিমা লেপন করেছিল। একজন রাজনীতিবিদের জীবনের যখন সফলতার সময় সুবর্ণ সময় সেই সময় তারেক রহমানের উপরে নানা মিথ্যা দোষারোপ করে এরাই কালিমা লেপন করেছিল।
এই কুশিলবদের ষড়যন্ত্রে ব্যারিস্ট্রার আমিনুল হকের মতো ত্যাগী ও গুনি বিএনপি নেতা তাদের দেয়া কালিমা গায়ে নিয়ে মৃত্যুবরণ করেছে। বাংলাদেশের মাটিতে তারা আবার ষড়যন্ত্র শুরু করেছে। এদেশের মানুষ ছাত্র-জনতা যখন দুর্নীতিবাজ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সরকারকে ক্ষমতাচুত্য করে নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করছে তখন ১/১১এর কুশিলবরা আবারো সক্রিয় হয়ে উঠেছে। রাজনীতিবিদদের চরিত্রে আবারো কালিমা লেপন করে তারা বিনাভোটের সরকারকে ক্ষমতায় রেখে সুবিধা নিতে চায়। শুক্রবার বিকেলে নাটোর জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
নাটোর উপশহর মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ। এ ছাড়াও বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান খান চৌধুরী ওরফে বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সাবেক আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু ও সদর থানা বিএনপির আহবায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে দুলু আরো বলেন, এদেশের ছাত্র-জনতা হাজারো প্রাণের বিনিময়ে দুর্নীতিবাজ, ভোটচোর ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সরকারকে ক্ষমতাচুত্য করেছে। দেশের মানুষ নতুন করে দেশ গড়ার চেষ্টা শুরু করেছে, ভোট চোর মুক্ত পরিবেশে নিরপেক্ষ নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে তখনই আবার ১/১১এর কুশিলবরা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। দুলু বলেন, তিনি নিজেও অল্প বয়সে এমপি এবং মন্ত্রী হয়েছিলেন একই ভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবনের যে সোনালী সময়ে এ দেশের হাল ধরার করার কথা ছিল সেই সময় ১/১১এর কুশিলবরা তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। ১/১১এর কুশিলবরা তাকে রাজনীতি থেকে দূরে রাখতে চেয়েছিল। দেশে নতুন করে আবারো সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের মানুষকে এসব কুশিলবদের কর্মকান্ড সর্ম্পকে সজাগ থাকতে হবে। তাদের গতিবিধি লক্ষ রাখতে হবে। তাদের ষড়যন্ত্র আর সফল হতে দেয়া হবে না। ১/১১এর কুশিলবদের ষড়যন্ত্র এবার দেশের মানুষ রুখে দিবে।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































