ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে জামায়াত প্রার্থীর পোস্ট
মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতাঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী হয়েছেন। তাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।
জামায়াত নেতা দেলাওয়ার তার ব্যক্তিগত ফেসবুকে এক দীর্ঘ পোস্টে বিএনপি মহাসচিবের প্রতি গভীর শ্রদ্ধা ও উষ্ণ অভিনন্দন জানান। তার এই বার্তা সুস্থ রাজনৈতিক সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা।
জামায়াতে প্রার্থী দেলাওয়ার তার পোস্টে লেখেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে দলের মহাসচিব, বর্ষীয়ান রাজনীতিবিদ, ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় তাকে প্রাণঢালা অভিনন্দন। ২০০১ সালের নির্বাচনে জোট প্রার্থী হিসেবে আমরা ওনার পক্ষে কাজ করেছিলাম এবং তিনি বিজয়ী হয়েছিলেন। তখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। এবার আমরা দুজনেই দুই দল থেকে এই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।
তিনি আরো লেখেন, ‘প্রতিদ্বন্দ্বিতা নয়, প্রতিযোগী হয়ে নির্বাচনী ময়দানে কাজ করতে চাই। আমাদের মূল লক্ষ্য ঠাকুরগাঁওয়ের উন্নয়ন। জনগণ আমাকে বিজয়ী করলে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে আমার অভিভাবক হিসেবে ওনাকে রাখব আর জনগণ ওনাকে বিজয়ী করলে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে ওনাকে সার্বিকভাবে সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা আমাদের সহায় হোন।
তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্থানীয় রাজনীতির ‘অভিভাবক’ হিসেবে আখ্যা দিয়ে লেখেন, ‘জয়-পরাজয়-নির্বিশেষে তিনি সর্বদা উন্নয়নের প্রশ্নে বিএনপি মহাসচিবের পাশে থাকবেন।’ অন্যদিকে, জনগণ যদি মির্জা ফখরুলকে বিজয়ী করে, তবে তাকে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতিও দেন জামায়াত প্রার্থী।









































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































