ধর্মের নামে যারা ব্যবসা করে তাদের থেকে বিরত থাকার আহ্বান জানান – ওয়াদুদ ভূঁইয়া এমপি
খাগড়াছড়ি প্রতিনিধি।। ধর্মের নামে যারা ব্যবসা করে তাদের থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় নির্বাচন পরবর্তী প্রথম উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানিয়ে বলেন, দীর্ঘ ১৮ বছর পর মানুষ বিএনপিকে ভালোবেসে ক্ষমতায় এনেছে। জনগণ যাতে কোনো কষ্ট না পায়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। তাদের সুখ-দুঃখের কথা ভাবতে হবে।এই উপজেলায় গত ১৮ বছরে অনেক অপকর্ম হয়েছে। মানুষ সেসব কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিল। আপনারাও যদি ক্ষমতার অপব্যবহার করেন বা আগের মতো আচরণ করেন, তাহলে আমি তা কোনোভাবেই মেনে নেব না।
এসময় তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সরকার ইতোমধ্যে আপনাদের উন্নয়নে নানা প্রকল্প হাতে নিয়েছে। এজেলার প্রতিনিধি হিসেবে খাগড়াছড়ি জেলার সার্বিক উন্নয়নে আমি কাজ করে যাব।
অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সাধারণ সম্পাদক এম এন আবছার, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাচাথোয়াই মারমা, জেলা যুগ্ম সম্পাদক এড. আঃ মালেক মিন্টু, মোশাররফ হোসেন সহ জেলা উপজেলার সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে মানিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মীর হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, মানিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
সম্মেলন শেষে মানিকছড়ি উপজেলা বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































