সেনা জোনের সাঁড়াশি অভিযানে জেএসএস এর ৯ অস্ত্রধারী সন্ত্রাসী আটক,অস্ত্র উদ্ধার
বেলাল আহমদ,বান্দরবান প্রতিনিধি-বান্দরবানের টংকাবতী এলাকায় পূর্ণবাসন চাকমা পাড়া এবং ইমানুয়েল ত্রিপুরা পাড়া এলাকায় আলীকদম সেনা জোনের সাঁড়াশি অভিযানে আঞ্চলিক সশস্ত্র সংগঠন জেএসএস (মূল) এর ০৯ জন সক্রিয় সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করা হয়েছে।
শুক্রবার (২০ জুন ২০২৫) বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের নির্দেশক্রমে ভোর ০৫.৩০টায় গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম সেনা জোনের সেনাসদস্যরা জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ, পিএসসি এর নির্দেশনায় এই অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলেন আনন্দ মোহন চাকমা (৭২), শান্তিরাম চাকমা (৩৩), চাতুই চাকমা (৩৫), শান্তি রঞ্জন চাকমা (৩৫), কল্পরঞ্জন চাকমা (৪৫), জ্যোতি বিকাশ চাকমা (২৮), পাখিরাম ত্রিপুরা (৩১), ছতিয় ত্রিপুরা (৬০) এবং জুয়েল ত্রিপুরা (২৬)। নিরাপত্তা বাহিনীর প্রাথমিক তদন্তে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে জেএসএস (মূল) এর সক্রিয় সদস্য হিসেবে এলাকায় চাঁদাবাজি, ডাকাতি, সন্ত্রাসী কার্যকলাপ ও সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়ানোর মতো অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিলেন।উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ০৪×টি গাদা বন্দুক, ২০টি ব্যারেল, ৩০টি জুরি, ১০ ইউনিফর্মের নিচের অংশ,২০ জোড়া বুট,১০টি ট্যাব, ২০টি মোবাইল ফোন এবং ইলেকট্রিক তার।
উদ্ধারকৃত অস্ত্র এবং অন্যান্য আলামত জব্দ করে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আলীকদম সেনা জোনের জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ, পিএসসি এলাকার সকল জনগণ পাহাড়ী সন্ত্রাসীদেরকে সকল প্রকার চাঁদা প্রদান হতে বিরত থাকার এবং সন্ত্রাসী গোষ্ঠী চাঁদা চাওয়ার সাথে সাথে আলীকদম সেনা জোনকে অবহিত করার জন্য অনুরোধ করেন। তিনি আরও বলেন, আলীকদম সেনা জোনের আওতাধীন আলীকদম এবং লামা এলাকায় কোন প্রকার চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ সেনাবাহিনী সকল প্রকার চাঁদাবাজি এবং যেকোন ধরনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সদা তৎপর। অবৈধ অস্ত্রধারী এবং চাঁদাবাজদের বিরুদ্ধে সেনাবাহিনীর এ ধরণের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































