# Tags

তালায় এক মাসে একাধিক সাইকেল চুরি, সমজয় ভাংড়ির দোকানে মিললো দুটি চুরি হওয়া সাইকেল

শামীম খান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি-সাতক্ষীরার তালা উপজেলায় গত কয়েক মাসে বেড়ে গেছে সাইকেল চুরির ঘটনা। স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র দিনের বেলাতেও সুযোগ বুঝে সাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে এবং তা ভাংড়ির দোকানে বিক্রি করছে।

সম্প্রতি বারুইহাটির চা বিক্রেতা বাবলুর সাইকেলটি চুরি হয়। পরে তিনি নিজ উদ্যোগে খোঁজ নিতে গিয়ে তালা বাজারের ওলটন শোরুমের পাশে অবস্থিত সমজয় এন্টারপ্রাইজ নামের এক ভাংড়ির দোকানে তাঁর সাইকেলটির সন্ধান পান। দোকানটির মালিক ভীম চন্দ্র মনি।
বাবলু জানান, “দোকানে গিয়ে দেখি আমার সাইকেলটা পাট-পাট করে খুলে রাখা। আমি জানতে চাইলে দোকানদার বলে, ‘ওজনে কিনেছি।’ বিষয়টি নিয়ে আমি তালা থানায় একটি লিখিত অভিযোগ করেছি।”
এর আগেও একই দোকান থেকে বারুইহাটির নাপিত উজ্জ্বল নামের একজন তাঁর চুরি হওয়া সাইকেল উদ্ধার করেন।
এদিকে, বারুইহাটির গ্রাম ডাক্তার বিভাষ চন্দ্র রাহার সাইকেলও সম্প্রতি চুরি হয়েছে, তবে তাঁর সাইকেলটির কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, এসব চুরি দিনের বেলাতেই ঘটছে, যা এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। তাদের ধারণা, সমজয় ভাংড়ির দোকানের মালিকের এসব চুরির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ থাকতে পারে, কারণ দোকানটিতে নিয়মিতভাবে পুরনো সাইকেল ভেঙে ওজনের দামে বিক্রি করা হয়।
এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন—“সমজয় ভাংড়ির দোকানটি তদন্ত করে চুরি চক্রের মূল হোতাদের শনাক্ত ও আইনের আওতায় আনা হোক।”