পঞ্চগড় জেলা বাস, মিনিবাস, কোচ মালিক সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সংবর্ধনা
পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড় জেলা বাস, মিনিবাস, কোচ মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের নব নির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সমিতির সভা কক্ষে নির্বাচন পরিচালনা কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় নব নির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. আমিনুর ইসলাম।
পরে কার্যকরী কমিটির সদস্যদের ফুলের মালা পড়িয়ে ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন নব নির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো আমিনুর ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে নব নির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ মতিয়ার রহমান বলেন, পঞ্চগড় জেলার বাস অন্য জেলায় চলাচলে বাধাঁর সম্মুখীন হতে হচ্ছে। অথচ জেলার বাস পঞ্চগড়ে শান্তিপূর্ণভাবে চলাচল করছে। আমরা এ সমস্যার সমাধান আশা করছি। পঞ্চগড় জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতি একটি ঐতিহ্যবাহী সংগঠন। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে আজকে আমরা একটি ভালো জায়গাতে এসেছি। যদি আমাদের কোন ভুল হয় তাহলে আমাদেরকে ধরিয়ে দিবেন। আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এই কমিটি যেন ভালো কাজ করতে পারে।
সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, আমরা কমিটির সদস্যদের মধ্যে দুইজন বাদে সবাই পুরাতন। কাজেই কারো কোন ভূল হলে সরাসরি আমাদের জানাবেন। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কমিটি পরিচালনা করবো। আমরা সকলের কাছে সহযোগিতা চাই।
এসময় পঞ্চগড় জেলা বাস, মিনিবাস, কোচ মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটি সহ পঞ্চগড় জেলা বাস, মিনিবাস, কোচ মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, গত এক আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত পঞ্চগড় জেলা বাস, মিনিবাস, কোচ মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৮৭ জন ভোটারের মধ্যে ৮৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এতে মোহাম্মদ মতিয়ার রহমান সভাপতি পদে চেয়ার প্রতীকে ৮০ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আলমগীর ৪ ভোট পান।
সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম মোটরগাড়ি প্রতীকে ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আকিবুল ইসলাম বাবলু বাই সাইকেল প্রতীকে পান ৪০ ভোট।
তবে সহ সাধারণ সম্পাদক পদে জুয়েল ইসলাম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া, সহ সভাপতি পদে সহিদুল ইসলাম বটগাছ প্রতীকে ৫৭ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে হুমায়ুন কবির মাছ প্রতীকে ৫৩ ভোট, কোষাধ্যক্ষ পদে রফিকুল ইসলাম তালাচাবি প্রতীকে ৪৭ ভোট, মো মুন্না সড়ক সম্পাদক পদে কলস প্রতীকে ৩০ ভোট, জাকির হোসেন দপ্তর সম্পাদক পদে আম প্রতীকে ৫৬ ভোট এবং কার্যকরী সম্পাদক পদে কামরুল হাসান প্রজাপতি প্রতীকে ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে মো আমিনুর ইসলাম, নির্বাচন কমিশনার হিসেবে মওদুদ খান, সদস্য হিসেবে জমিরুল ইসলাম, হারুন অর রশীদ, মনোয়ার হোসেন, আহামদুল হোসেন, আশরাফুল ইসলাম আলম দ্বায়িত্ব পালন করেন। #





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































