ভালুকায় ইউএনও’র উদ্যোগে এন্টিভেনাম সরবরাহ, প্রাণে বাঁচলেন রোগী
মোঃ আক্কাছ আলী, ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি-
ময়মনসিংহের ভালুকায় সাপের কামড়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে এন্টিভেনাম ইনজেকশন সরবরাহের দাবিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। দাবির প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ দ্রুত পদক্ষেপ নেন এবং (নিউরোটক্সিক সাইন ডেপলপড) এন্টিভেনাম ইনজেকশন সরবরাহ নিশ্চিত করেন। এতে স্বস্তি ফিরে আসে ভালুকাবাসীর মনে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিষধর সাপের কামড়ে মুমূর্ষু অবস্থায় এক রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তাকে এন্টিভেনাম ইনজেকশন দেওয়া হয়। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে অবস্থান করছেন।
এ বিষয়ে ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “সাপের কামড়ের মতো জরুরি চিকিৎসায় এন্টিভেনাম অত্যন্ত প্রয়োজনীয়। ভালুকাবাসীর দাবি বিবেচনা করেই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতেও এ ধরনের সংকটে মানুষের পাশে থাকব।”
স্থানীয় বাসিন্দা একজন জানান, “ইনজেকশন না থাকলে হয়তো রোগীকে হারাতে হতো। ইউএনও স্যারের উদ্যোগে আমরা স্বস্তি পেয়েছি। এজন্য ভালুকা বাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।”
এব্যপারে উএনও তার অফিসিয়াল ফেসবুক UNO Bhaluka-তে এ তথ্য শেয়ার করলে নেটিজেনরা প্রশংসায় ভাসান। একইসঙ্গে তিনি সর্পদংশন প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতা মূলক বার্তাও প্রচার করেন। ইউএনও’র এ মানবিক পদক্ষেপে ভালুকাবাসী আশ্বস্ত ও গর্বিত।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































