পাঁচবিবিতে ব্র্যাক উদ্যোক্তাদের সমাপনী সেমিনার
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ১৯ আগষ্ট/তরুণ-তরুণীদের আর্থিকভাবে সক্ষমতা বৃদ্ধিতে উদ্যোক্তা গড়তে ব্র্যাকের ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত হয়। বুধবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা হলরুমের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন প্রধান অতিথি ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা মোঃ সামসুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, প্রকল্পের ডেপুটি ম্যানেজার নীতিশ কুমার, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ আরিফুল ইসলাম, দক্ষতা উন্নয়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক শিশির রঞ্জন রায়, জেলা কর্মকর্তা সুজন শাহিন সহ বিভিন্ন কর্মকর্তাগণ।
এছাড়া স্থানীয় ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, প্রকল্পের ক্লায়েন্ট ও মেন্টর, তরুণ উদ্যোক্তা এবং বিভিন্ন পর্যায়ের অংশীজনরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে সহজলভ্য আর্থিক সেবা, দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক পরামর্শ, মেন্টরশিপ এবং বাজারের সঙ্গে কার্যকর সংযোগ অপরিহার্য। প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সহায়তা নিশ্চিত করা গেলে তরুণরা শুধু নিজেদের কর্মসংস্থানই তৈরি করবে না, পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
প্রকল্পের মাধ্যমে উপজেলার সাড়ে ৪’শ তরুণ উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তির সুযোগ সৃষ্টি, ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি এবং টেকসইভাবে উদ্যোগ পরিচালনার জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়। এমন উদ্যোগ ভবিষ্যতে যুব উদ্যোক্তাদের কাজে লাগবে।
অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন, উপকারভোগী উদ্যোক্তাদের অভিজ্ঞতা, বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পের মাধ্যমে উপকৃত কয়েকজন উদ্যোক্তা ও অংশীজন অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































