দৌলতপুরে মটর সাইকেল দুর্ঘটনায় পথচারী নিহত,চালক আহত
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিযা বাজারে ফারদেস দফাদার (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক ইসতার আলী (৪৫) গুরুতর আহতবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করা হয়েছে।
নিহত ফারদেস দফাদার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকার মৃত আজিম দফাদারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক। আহত ইসতার আলী কৈপাল এলাকার মৃত ইমদাদুল হকের ছেলে।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার তারাগুনিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারদেস দফাদার ঔষধ কেনার উদ্দেশ্যে তারাগুনিয়া বাজারে যান। নুরুজ্জামানের তরমুজের আড়তের সামনে রাস্তা পার হওয়ার সময় দৌলতপুর থেকে তারাগুনিয়াগামী একটি পালসার মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। এ সময় মোটরসাইকেল চালক ইসতার আলীও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দুজনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারদেস দফাদারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইসতার আলীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আরেকজন আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ পরিবারকে হস্তান্তরের জন্য প্রস্তুতি চলছে।









































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































