পাঁচবিবিতে শীত-কুয়াশায় বীজতলার ক্ষতি
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ৫ জানুয়ারি/২৬
সারাদেশের ন্যায় উত্তরবঙ্গের জেলা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কনকনে শীত ঘন কুয়াশায় ও শৈত্যপ্রবাহের কারণে বোরো ধানের বীজতলার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বীজতলার চারাগুলো হলুদ ও বিবর্ণ আকার ধারণ করার পাশাপাশি অনেক চারা পচে নষ্ট হচ্ছে। বীজতলা বাঁচাতে কৃষক পলিথিন দিয়ে ঢেকে দিয়ে রক্ষা করার চেষ্টা করছে। এছাড়াও কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী নানা পদক্ষেপ গ্রহণ করছেন তারা।
উপজেলার বিভিন্ন মাঠে দেখাযায়, আগামীতে বোরো ধান রোপণের জন্য বীজতলা তৈরী করেছেন। কিন্তুু কয়েকদিনের তীব্র শীত, ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে বীজতলার গজানো চারাগুলো হলুদ ও সাদা বর্ণ ধারণ করে পাতা গুটিয়ে মরে যাচ্ছে।
উপজেলার আওলাই ইউপির পিয়ারা গ্রামের কৃষক হাফিজার রহমান বলেন, ঠান্ডা আর কুয়াশায় বীজতলা হলুদ বর্ণ হয়ে চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পলিথিনে ঢেকেও কাজ হচ্ছে না ইরির আবাদ করতে পারব কিনা আল্লাহ জানেন। উপজেলার রতনপুর গ্রামের কৃষক মামুনুর রশিদ প্রামাণিক বলেন, এবছর ১৩ বিঘা জমিতে ইরি ধান চাষের জন্য বীজতলা করেছি। কিন্তু শীত-কুয়াশায় বীজতলার চারা নষ্ট হয়ে গেছে। ইরি আবাদ নিয়ে দুঃচিন্তায় আছি বলেও জানান তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন বলেন, উপজেলায় এবছর প্রায় ২০’হাজার হেক্টর জমিতে ইরি-বোরো চাষাবাদের লক্ষ্যে সাড়ে ৪’শ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। বৈরী আবহাওয়া থেকে বীজতলা রক্ষায় কৃষকদের পলিথিনে ঢেকে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চারা যদি হলুদ বর্ণ ধারণ করলে ইউরিয়া সার জিপসাম ও স্প্রেরের পরামর্শ দেন তিনি।















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































