পঞ্চগড়ে বিএডিসির সার গুদামে আকস্মিক পরিদর্শন করলেন ইউএনও
পঞ্চগড় প্রতিনিধি-কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা এলাকায় অবস্থিত ১১০০ মেট্রিক টন ধারণক্ষমতার পিএফজি সার গুদাম আকস্মিক পরিদর্শন করেছেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা সুলতানা।
গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তিনি গুদামটি পরিদর্শন করেন। এ সময় গুদামে সংরক্ষিত সারের মজুত, সরবরাহ ব্যবস্থা, বিতরণ কার্যক্রম এবং সার সংরক্ষণ ও ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনকালে ইউএনও গুদামের দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং কৃষকদের কাছে যাতে নিয়ম অনুযায়ী সময়মতো সার পৌঁছে দেওয়া হয়, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, চলতি মৌসুমে কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে সরকারি পর্যায়ে মজুত ও বিতরণ ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে বিভিন্ন সার গুদামের মজুত পরিস্থিতি ও সরবরাহ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রশাসনের আকস্মিক পরিদর্শনে সার মজুত ও বিতরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত হবে এবং কৃষক পর্যায়ে সার সরবরাহ আরও সহজ ও স্বাভাবিক হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
ইউএনও ফাহমিদা সুলতানা বলেন, কৃষকদের সার প্রাপ্তি নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কোথাও যাতে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত বা নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রির সুযোগ না থাকে, সে বিষয়েও প্রশাসনের নজরদারি রয়েছে। #




























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































