মাহিন্দ্রা-প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষে একজন নিহত
গৌরনদী (বরিশাল)প্রতিনিধি-ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা নামকস্থানে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে যাত্রীবাহি মাহিন্দ্রা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রা যাত্রী মর্জিনা বেগম ঘটনাস্থলেই নিহত ও পাঁচজন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন।
নিহত মর্জিনা বেগম উপজেলার ইল্লা গ্রামের বাবুল বেপারীর স্ত্রী।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গৌরনদীর স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, কালকিনি থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা প্রাইভেটকার ও গৌরনদী থেকে ভুরঘাটাগামী যাত্রীবাহি মাহিন্দ্রা ইল্লা দাখিল মাদ্রাসার কাছে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মাহিন্দ্রা যাত্রী মর্জিনা বেগম ঘটনাস্থলেই নিহত এবং উভয় গাড়ির চালকসহ পাঁচজন যাত্রী গুরুত্বর আহত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত মুরাদ কাজী, মোতালেব বেপারী, মকবুল বেপারী, চন্দন পাল ও পলাশ বিশ্বাসকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাশাপাশি নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত যান দুটি পুলিশ হেফাজতে রয়েছে। পাশাপাশি নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































