বিরামপুরে অজ্ঞাত চোরের হানা: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুরের বিরামপুর উপজেলার কল্যাণপুর গ্রামে এক অজ্ঞাতনামা চোর বা চোরদের দ্বারা চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় দিনাজপুরের বিরামপুর উপজেলার সাং-কল্যানপুর (৫নং বিনাইল ইউপি) এলাকার বাসিন্দা মৃত সাখাওয়াত হোসেন মন্ডলের পুত্র ভুক্তভোগী মোঃ জাহাঙ্গীর আলম (৬০) স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৯ জুন রাতে অসুস্থতার কারণে তিনি নিজ শয়নকক্ষে না ঘুমিয়ে অন্য একটি কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। ভোরে উঠে তিনি দেখতে পান, তার বসতবাড়ির দক্ষিণ দিকের শয়নকক্ষের দরজা বাইরে থেকে বন্ধ। তার ছেলে, পুত্রবধূসহ সবাই কক্ষ থেকে বের হতে পারেননি। পরে তার ভাতিজা মোঃ শাহারিয়ার সুভন এসে দরজা খুলে দিলে পরিস্থিতি স্পষ্ট হয়। কক্ষে প্রবেশ করে দেখা যায়, একটি আলমারী থেকে নগদ ২ লক্ষ টাকা এবং ১ ভরি ওজনের স্বর্ণের চুড়ি চুরি হয়েছে।
এ ঘটনায় স্থানীয় দুই সাক্ষী, মোঃ শাহ নেওয়াজ (৩৩) এবং মোঃ শাহারিয়ার সুভন (২৭) তাদের উপস্থিতির কথা উল্লেখ করেন। তারা জানান, চুরি হওয়া কক্ষটি ঠিকঠাক অবস্থায় ছিল এবং ভেতরের জিনিসপত্রও সজ্জিত ছিল। চোরেরা অত্যন্ত দক্ষতার সঙ্গে এই কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে।
অভিযোগটি দাখিল করতে কিছুটা সময় লাগার কারণ হিসেবে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, প্রাথমিকভাবে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেই থানায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিরামপুর-নবাবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো.মনজুরুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ অফিসার গন। বিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মমতাজুল ইসলাম জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গ্রামের বাসিন্দারা এমন চুরির ঘটনা ঘটায় শঙ্কিত এবং অজ্ঞাত চোরদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































