নড়াইলে নারী সহকর্মী নিয়ে ঘুরতে যাওয়ায় চিকিৎসককে শোকজ
হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোষকে শো-কজ করা হয়েছে। অফিস সময়ের পর সরকারি গাড়িতে নারী সহকর্মী মেডিকেল অফিসারকে নিয়ে ভ্রমণে বের হওয়ায় তাকে শো-কজ করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন।
বৃহস্পতিবার (১ ফেব্রæয়ারি) রাতে সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন জানান, গত ১৭ জানুয়ারি অফিস সময়ের পর সরকারি গাড়ি ব্যবহার করে এক নারী মেডিকেল অফিসারকে নিয়ে কালিয়া উপজেলার বারইপাড়া ঘাটে ব্যক্তিগত কাজে যান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোষ। সেখানে গাড়ি থামিয়ে এক ব্যক্তি নারী মেডিকেল অফিসারকে লাঞ্ছিত করেন। অফিস সময়ের পর একজন নারী মেডিকেল অফিসারসহ এমন ভ্রমণে যাওয়া শোভনীয় নয় ও অপ্রীতিকর উল্লেখ করে শো-কজ নোটিশে অভিযুক্ত চিকিৎসককে উদ্দেশ্য করে আরও বলা হয়েছে এ ধরনের ঘটনায় স্বাস্থ্য বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। একজন দায়িত্ববান কর্মকর্তা হিসেবে এ ধরনের আচরণ কাম্য নয়।
কারণ দর্শানোর ওই চিঠিতে অভিযুক্ত চিকিৎসক ডা. শশাঙ্ককে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন বলেন, শোকজের অনুলিপি মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক (প্রশাসন) স্বাস্থ্য অধিদফতরসহ খুলনা বিভাগের স্বাস্থ্য পরিচালককে পাঠানো হয়েছে। কারণ দর্শানোর পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে নারী ডাক্তারকে লাঞ্ছিত করার ঘটনায় বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ একজন নারী চিকিৎসকের সাথে অহেতুক খারাপ আচরন ভালোভাবে নেয়নি।
ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, বিশেষ প্রয়োজনে তিনি গাড়ী নিয়ে বের হয়েছিলেন। আর যথা সময়ের মধ্যেই তিনি শেঅ-কজের জবাব দিবেন।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































