গৌরনদীতে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি – আত্মগোপনে থাকা ইউপি সদস্যদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ ইউপি সদস্য অনাস্থা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়ন পরিষদের। বুধবার দুপুরে ইউনিয়ন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা পলাতক ইউপি সদস্যদের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন।
লিখিত বক্তব্যে ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা বলেন, গত ৫ আগষ্ট সরকার পরিবর্তনের পরে বেশিরভাগ ইউপি সদস্য ইউনিয়ন পরিষদে আসেননা কিংবা বাড়ীতেও থাকেননা। ইউনিয়ন পরিষদের মাসিক সভায় আগষ্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত কোন মাসিক সভায় যোগ দেননি। সম্প্রতি টিআর, কাবিটা, কাবিখা (চাল) কাবিখা (গম) হত দরিদ্রদের প্রকল্প (৪০) দিনে প্রায় ১ কোটি টাকার বরাদ্দ এসেছে। যাহার ১ম, ২য় কিস্তির বরাদ্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকল্পের আবেদন গ্রহন করেছেন। উক্ত প্রকল্পের কমিটি এবং ৩য় কিস্তির প্রকল্প গ্রহনের জন্য সদস্যদেরকে ইউনিয়ন পরিষদে আসতে বলা হয়। এরপরও সদস্যরা পরিষদে না আসায় মেম্বারদের অনুপস্থিতির বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে লিখিত ভাবে জানানো হয়। এতে ক্ষিপ্ত হয়ে পলাতক কতিপয় মেম্বার আরো কয়েকজনকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের লিখিত দিয়েছেন। সংবাদ সম্মেলনে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষরকারী সংরক্ষিত সদস্যা আলেয়া বেগম জানান, অনাস্থা প্রস্তাবের লিখিত অভিযোগে স্বাক্ষর করে ভুল করেছি। তাই ভুল বুঝতে পেরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ উত্তোলনের জন্য আবেদন করেছি। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে একই কথা বলেন সংরক্ষিত সদস্যা রেহানা বেগম ও ইউপি সদস্য আলাউদ্দিন মীর।
উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান হাফিজ মৃধার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের জন্য সরকারি সকল বরাদ্দ ইউপি সচিবের সহায়তায় এককভাবে আত্মসাত, স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির কারণে সরকার নির্ধারিত বেতন ভাতা থেকে ইউপি সদস্যদের বঞ্চিত করা, বরাদ্দকৃত টিআর, কাবিখা, কাবিটা ও ৪০দিনের কর্মসূচীর টাকার আত্মসাতসহ বিস্তার অভিযোগ এনে গত রোববার পরিষদের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ১১ জন ইউপি সদস্য লিখিত অনাস্থা প্রস্তাব উপজেলা নির্বাহী অফিসারের কাছে দাখিল করেছিলেন। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি বলেন, উভয় পক্ষ থেকে লিখিত পাওয়া গেছে। অভিযোগের তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































