# Tags

প্যানেল চেয়ারম্যানের হামলায় কাঠ ব্যবসায়ী গুরুতর আহত; উন্নত চিকিৎসায় রংপুরে প্রেরণ

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার শুকানপুকুরি ইউনিয়নের পেনাল চেয়ারম্যান মোঃ মান্নান-এর হামলায় গুরুতর আহত হয়েছেন আবু বক্কর নামে এক কাঠ ব্যবসায়ী।

গতকাল ০৭ নভেম্বর শুক্রবার দুপুরের দিকে জেলার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বুড়িরহাট নামক বাজারে এই ঘটনা ঘটে।

মারাত্মকভাবে আহত ওই ব্যবসায়ী বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ রাত পর্যন্তও তাঁর জ্ঞান ফেরেনি বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুকানপুকুরি ইউনিয়নের পেনাল চেয়ারম্যান মোঃ মান্নানের নির্দেশে তাঁর অনুসারীরা গতকাল দুপুরে বুড়িরহাট বাজারে আসে কাঠ ব্যবসায়ী আবু বক্করকে তুলে নিয়ে যাওয়ার জন্য। এ সময় বাজারে প্রকাশ্যেই ওই ব্যবসায়ীকে ব্যাপক মারধর করা হয়। মারধরের এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
​এরপর চেয়ারম্যানের লোকজন তাঁকে একটি গাড়িতে তোলার চেষ্টা করে।

জানা যায়, গাড়িতে তুলে বাড়িতে নিয়ে আরও মারধর করার পরিকল্পনা ছিল তাদের। ঠিক সেই মুহূর্তে বাজারে উপস্থিত স্থানীয় জনতা একত্রিত হয়ে ব্যবসায়ীটিকে বাঁচানোর জন্য এগিয়ে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে চেয়ারম্যানের অনুসারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হামলায় তাঁর আঘাত গুরুতর হওয়ায় গতকাল রাত পর্যন্ত তাঁর জ্ঞান ফেরেনি।

​এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সাধারণ মানুষ চেয়ারম্যানের এমন বেপরোয়া আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্ত চেয়ারম্যান ও তাঁর লোকজনের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ভুল্লী থানা অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সরকার জানান, বিষয়টি সমন্ধে জেনেছি আমাদের কাছে এখনও লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া মাত্র তদন্ত সাপেক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।