পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজে মারামারির ঘটনায় আকবর হোসেন বকু গ্রেপ্তার
বায়েজীদ পলাশবাড়ী (গাইবান্ধা) :গাইবান্ধার পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজে আধিপত্য বিস্তার ও কর্মচারীদের মধ্যে প্রভাব বিস্তারের জেরে সংঘটিত মারামারির ঘটনায় দায়ের করা মামলায় আকবর হোসেন বকু (মিয়া) নামের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে পলাশবাড়ী প্রেসক্লাব সংলগ্ন ফুলের দোকান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আকবর হোসেন বকু ওই কলেজের পিয়ন হিসেবে কর্মরত রয়েছেন।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট দুপুরে পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে প্রভাব বিস্তার ও ঠুনকো বিষয়কে কেন্দ্র করে কলেজের পিয়ন আকবর আলী বকু মিয়া এবং অপর পিয়ন মো. শাহারুল ইসলামের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় পিওন শাহসরুল মারাত্মক ভাবে আহত হন।
এ ঘটনায় পরবর্তীতে কলেজের পিয়ন শাহারুল ইসলাম বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার এজহারনামীয় আসামি আকবর হোসেন বকুকে গতকাল মঙ্গলবার সকালে পুলিশ প্রেসক্লাব এলাকা থেকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার পুলিশ জানায়, কলেজ ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি ও মারধরের ঘটনায় দায়েরকৃত মামলার আইনগত প্রক্রিয়া হিসেবে আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।



















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































