ভালুকায় ড্রেন নির্মানের স্থান পরিদর্শনে এসিল্যান্ড
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি-
শিল্পাঞ্চল খ্যাত ভালুকা উপজেলার ব্যস্ততম সিডস্টোর বাজার মেইন রোডে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের উদ্যোগে সরেজমিন পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন।
বৃহস্পতিবার (২ মার্চ) সকালে তিনি সড়কের পূর্ব-পশ্চিম অংশ ঘুরে দেখেন এবং সম্ভাব্য ড্রেন নির্মাণ এলাকা নির্ধারণে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। এসময় বাজারের ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে এসিল্যান্ড মোঃ ইকবাল হোসাইন বলেন, “এই এলাকায় ড্রেনেজ ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যা ব্যবসা ও জনজীবনে মারাত্মক প্রভাব ফেলছে। আমরা দ্রুত কাজ শুরু করার পরিকল্পনা নিয়েছি। খুব শিগগিরই পশ্চিম দিক থেকে ড্রেন নির্মাণ কাজ শুরু করা হবে।”
তিনি আরও বলেন, “কাজের গুণগত মান নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি থাকবে। স্থানীয়দের সহযোগিতায় আমরা দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান করতে চাই।”
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, “বৃষ্টি হলেই রাস্তা ডুবে যায়, দোকানে পানি ঢুকে পড়ে। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়। বহুদিন ধরে এই সমস্যার সমাধান চেয়ে আসছিলাম, অবশেষে প্রশাসন সরেজমিনে আসায় আমরা আশাবাদী।”
আরও একাধিক স্থানীয় ব্যক্তি বলেন, “ড্রেন না থাকায় পানি নামার কোনো পথ নেই। এতে বাজারের পরিবেশ নষ্ট হয়, ক্রেতারাও আসতে চায় না। দ্রুত কাজ শুরু হলে এই ভোগান্তি থেকে রক্ষা পাওয়া যাবে।”
সুশীল সমাজের প্রতিনিধিরাও মনে করছেন, প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে সিডস্টোর বাজারের দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা দূর হবে এবং ব্যবসা-বাণিজ্যে নতুন গতি ফিরে আসবে।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































