চকরিয়ায় সাবেক এমপি জাফরের ১৮ দিনের রিমান্ড মঞ্জুর ফাঁসির দাবিতে নির্যাতিত জনতা ও মুক্তির দাবীতে আ’ লীগের মিছিল
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি-কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া থানায় ৬টি হত্যা এবং ১ টি বিস্ফোরক মামলায় সাবেক সাংসদ জাফর আলমের ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে চকরিয়া থানার ৫টি মামলায় ১৪ দিন ও পেকুয়া থানার ২টি মামলায় ৪ দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বুধবার (১৮ জুন) চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির এ আদেশ দেন।
এ দিন আসামিকে গ্রেফতার দেখানোর আবেদন ও রিমান্ড চেয়ে আদালতে পৃথক আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সহকারী পাবলিক প্রসিকিউটর।
চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রাষ্ট্রপক্ষের তদন্তকারী কর্মকর্তা,পাবলিক প্রসিকিউটর ও আসামী পক্ষের আইনজীবীগণের বক্তব্য শুনে ৭ মামলায় বিভিন্ন মেয়াদে ১৮ দিনের রিমান্ড মন্জুর করেছেন বলে নিশ্চিত করেছেন, এ. পি.পি গোলাম সরওয়ার।
জাফর আলমকে আদালতে আনার খবর পেয়ে সকাল সাড়ে নয়টা থেকে থানা রাস্তার মাথা এলাকায় জড়ো হয় বিএনপির নির্যাতিত নেতা-কর্মীরা। সেখানে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য দেন চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক, চকরিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক ফখরুদ্দিন ফরায়জী। সমাবেশ থেকে জাফর আলমের ফাঁসি নিশ্চিত করার দাবি জানান।
এদিকে জাফর আলমকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে দাবি করে এর প্রতিবাদে ঝটিকা মিছিল করে স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী।
নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের মিছিল বিষয়য়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভুমিকা ছিল রহস্য জনক।
সকাল সাড়ে নয়টার দিকে চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় তাঁরা ঝটিকা মিছিল করেন। এতে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, খুটাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি তৌহিদুল ইসলাম ও চকরিয়া পৌরসভা যুবলীগের কর্মী এনামুল হকসহ কয়েক শ নেতাকর্মী ।
চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে জাফর আলমকে চকরিয়া আদালতে রিমান্ড শুনানির জন্য তোলা হয়।
আদালতের আশপাশে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ বিভিন্ন স্তরে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়।
সকালে বৃষ্টি থাকায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপের কারণে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ১৪ দিনের রিমান্ডের জন্য সাবেক সংসদ সদস্য জাফর আলমকে চকরিয়া আদালত থেকে চকরিয়া থানায় আনা হয়েছে।
রিমান্ড শেষ হলে তাঁকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।
উল্লেখ্য যে,২৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে জাফরকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।









































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































