জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে তালার দোহারে এক ব্যক্তি গুরুতর আহত
শামীম খান, তালা (সাতক্ষীরা)-সাতক্ষীরা জেলার তালা উপজেলার দোহার গ্রামে জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মো. নুর ইসলাম শেখ (৪৪) নামে এক ব্যক্তি প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন। তিনি একই গ্রামের মো. মোকবুল শেখের ছেলে।
সোমবার (২৩ জুন) সকাল ১১টার দিকে দোহার বিল এলাকায় জমির কাজ করছিলেন নুর ইসলাম। এ সময় পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের জাহিদুল শেখ (৩৬) ও শেয়েব আলী (৪৫)-সহ আরও কয়েকজন মিলে তার ওপর অতর্কিতে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা ও নুর ইসলামের স্ত্রী মোমতাজ বেগম জানান , হামলাকারীরা রামদা দিয়ে এলোপাতাড়ি কোপ দিতে গেলে নুর ইসলাম আত্মরক্ষার্থে হাত দিয়ে দা ঠেকাতে গেলে তার হাতে গভীর আঘাত লাগে। এক পর্যায়ে দা’য়ের কোণা গিয়ে তার মাথায় আঘাত করে। এতে মাথা কেটে গিয়ে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আহতের পরিবারের দাবি, জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুদ্দীন বলেন, “ঘটনার বিষয়টি শুনেছি। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































