রাঙামাটিতে বন্যহাতির আক্রমনে হতাহত-২
আলমগীর মানিক,রাঙামাটি-রাঙামাটিতে বন্যহাতির আক্রমনে ৭০ বয়সী বৃদ্ধ পাহাড়ি নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম ঝর্না চাকমা(৭০)। তিনি রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়ন এর চেয়ারম্যান পাড়ার মিলন কারবারির সহধর্মিণী বলে আজ রাত সাড়ে সাত টায় নিশ্চিত করেছেন জীবতলী মৌজার হেডম্যান হিটলার দেওয়ান।
এই ঘটনায় ৮০ বছর বয়সী সুজিতা চাকমা নামের আরো এক বৃদ্ধা পাহাড়ি নারী গুরুত্বর আহত হয়েছে।
এছাড়া হাতির আক্রমনে ২টি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানাগেছে।
রোববার দিবাগত সন্ধ্যারাত সাড়ে ৭টার সময় রাঙামাটি সদর উপজেলাধীন আসামবস্তি কাপ্তাই সড়কে এই দূর্ঘটনা ঘটে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: শওকত আকবর খান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, গুরুত্বর আহত অবস্থায় দুই নারীকে রাত আটটার সময় রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হয় এসময় চিকিৎসাধীন অবস্থায় ঝর্না চাকমা মারা যায়। অপর গুরুত্বর আহতের অবস্থাও ভালো নয় মন্তব্য করে তিনি বলেন, তাকে দ্রুত উন্নত চিকিৎসা দেওয়ার জন্য চট্টগ্রাম রেফার্ড করা হয়েছে।
কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন এবং কাপ্তাই নতুনবাজার সিএনজি চালক সমিতির সভাপতি আবু বক্কর বলেন, আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আসামবস্তী-কাপ্তাই সড়কের আগরবাগান এক কি: মি: এলাকায় রাঙামাটি হতে কাপ্তাইয়ে আসার পথে একটি অটোরিকশা বন্যহাতির সামনে পড়ে।
এসময় অটোরিকশায় থাকা দুইজন মহিলা যাত্রীকে বন্য হাতিটি গুরুতর আঘাত করে। এসময় সিএনজি চালক দৌড়ে প্রাণে রক্ষা পায়।
আহতদেরকে ঐ পথে চলাচলকারী সিএনজি চালক এবং যাত্রীরা উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যায়।
এই ঘটনার ১০ মিনিট পর কাপ্তাই প্রজেক্ট এলাকার সিএনজি চালক দুলালের অটোরিকশা হাতির আক্রমনে পড়ে। এসময় তিনি দৌড়ে প্রাণে রক্ষা পেলেও ক্ষিপ্ত বন্যহাতির দল তাঁর অটোরিকশাটি খাদে ফেলে দেয়।
এসময় কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কে খবর দিলে তাঁরা দ্রুত ঘটনাস্থলে এসে রশি দিয়ে খাদ হতে অটোরিকশা টি উদ্ধার করে।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































