পঞ্চগড়ে আদালতের বারান্দায় আসামীর মৃত্যু
পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড় আদালতের বারান্দায় ময়নুল হক (৫৯) নামে এক আসামীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দোতলার বারান্দার একটি ব্রেঞ্চে মৃত অবস্থায় তাকে দেখতে পায় লোকজন।
জমি সংক্রান্ত একটি মামলার প্রধান আসামী হিসেবে আদালকে হাজিরা দিতে আদালতে যান তিনি। ময়নুল হক জেলার আটোয়ারী উপজেলার বারো আউলিয়া এলাকার বাসিন্দা। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ময়নুল জমি সংক্রান্ত একটি মামলার হাজিরা দিতে এসেছিলেন। কিন্তু বিচারপতি পরিদর্শনে আসায় আদালত বসেনি। তিনি এজলাসের ভেতরে কিছু সময় বসেছিলেন। সেখানে একবার বমিও করেন। পরে বাইরে এসে বেঞ্চে বসেন। এসময় তিনি কাউকে কোন অসুস্থতার কথাও বলেননি। স্বাভাবিকভাবে মাথায় হাত দিয়ে শুয়ে ছিলেন। দীর্ঘ সময় তার কোন সাড়া শব্দ না পেয়ে আমরা কাছে গিয়ে জানা যায় তিনি মারা গেছেন। পরে বিষয়টি পুলিশ ও তার পরিবারকে জানানো হয়।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা দীপেন্দ্রনাথ সিংহ বলেন, আমরা লাঞ্চে যাওয়ার সময় তাকে ডাকার চেষ্টা করি। পরে লোকজন এসে কাছে গিয়ে দেখতে পান তিনি মারা গেছেন।
ময়নুল হকের ভাতিজা ফয়সাল কবির বলেন, আমার চাচা তেমন কোন অসুখ ছিল না। আজকে মামলার তারিখ ছিলো। তিনি নিজে মোটরসাইকেল চালিয়ে আদালতে যান। তার বেশ কয়েকটি মামলা চলমান ছিলো। হঠাৎ আমরা খবর পাই তিনি মারা গেছেন।
কোর্ট ইন্সপেক্টর খান মো. শাহরিয়ার বলেন, তিনি বেঞ্চে শুয়ে ছিলেন তার কোন সাড়া শব্দ না পেয়ে আমরা হাসপাতালে প্রেরণ করি। তবে অনেকেই বলছিলেন তিনি এখানেই মারা গেছেন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. সুমন কুমার বণিক বলেন, ওই ব্যাক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































