# Tags

লোহাগড়ায় ঈদের দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ১

নড়াইল প্রতিনিধি -নড়াইলের লোহাগড়া পৌরসভার আলামুন্সীর মোড় এলাকায় মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সাব্বির হোসেন গাজী (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী সৈকত হোসেন গাজী (২০) নামে একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৩টার দিকে কালনা-যশোর-বেনাপোল মহাসড়কের আলমুন্সির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন গাজী যশোর জেলার অভয়নগর থানার দিঘলিয়া গ্রামের বাবুল গাজীর ছেলে ও আহত সৈকত হোসেন গাজী একই গ্রামের রিপন গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন সাব্বির হোসেন গাজী ও সৈকত হোসেন গাজী নামে দুই যুবক যশোরের অভয়নগর থানার দিঘলিয়ার নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা মধুমতি সেতু দেখতে আসেন। মধুমতি সেতু এলাকা ঘুরে বাড়ি ফেরার পথে বিকেল ৩টার দিকে লোহাগড়া পৌরসভার কালনা-যশোর-বেনাপোল মহাসড়কের আলা মুন্সির মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কালনা অভিমুখী একটি যাত্রীবাহী বাসের ( রোজিনা পরিবহন) সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক সাব্বির হোসেন গাজী ও আরোহী সৈকত হোসেন গাজী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সাব্বির হোসেন গাজীকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত সৈকত হোসেন গাজীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

লোহাগড়া থানার এসআই বিজন সরকার বলেন, হাসপাতাল থেকে নিহতের মরদেহ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। #