# Tags

সার নিয়ে গুজব বা কৃত্রিম সংকট তৈরির কোন সুযোগ দেয়া হবে না-পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড় প্রতিনিধি-পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশে সারের কোন সংকট নেই। সমস্যা রয়েছে বিতরণ ব্যবস্থায়। সার নিয়ে গুজব বা কৃত্রিম সংকট তৈরির কোন সুযোগ দেয়া হবে না। পঞ্চগড় জেলায় রাসায়নিক সারের কোনো সংকট নেই। কৃষকদের প্রয়োজন অনুযায়ী সময়মতো ও ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে হবে। সারের সরবরাহ, বিতরণ ও মজুদের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
তিনি শনিবার (২৯ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলার নিবন্ধিত সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় জেলার সার সরবরাহ ও বিতরণ ব্যবস্থা স্বাভাবিক রাখা, সারের সুষ্ঠু ব্যবস্থাপনা, নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার পৌঁছে দেওয়া এবং অবৈধ মজুদ ও অনিয়ম প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক ও কৃষক জাহিরুল ইসলাম কাচ্চু, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম এবং বিসিআইসি অনুমোদিত সার ডিলার শরিফ হোসেন বক্তব্য দেন।
প্রতিমন্ত্রী আজাদ আরও বলেন, কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার বিতরণ করতে হবে। কোনো ডিলার বা সংশ্লিষ্ট কর্মকর্তা সারের কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদ কিংবা নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রির সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় জেলার নিবন্ধিত ১৬০ জন সার ডিলার অংশ নেন। #