# Tags

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন গোবরিয়া আঃপুর ইউপি ৪নং ওয়ার্ড সদস্য মোঃ শাহাব উদ্দিন

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দক্ষিণ গোবরিয়া (জাব্বা বাড়ি) গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে স্থানীয় ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ শাহাব উদ্দিন তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

গত ২২ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে অনলাইন নিউজ পোর্টাল ‘জনধারা’ (Jonodhara.com)- এ “সন্ত্রাসীদের মদদদাতা শাহাবুদ্দিন মেম্বার, ৫ই আগস্টের আগে আওয়ামীলীগ এখন বিএনপি” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন তিনি।

ইউপি সদস্য মোঃ শাহাব উদ্দিন মঙ্গলবার (২৩ জুন)) এক প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন, প্রকাশিত সংবাদে তার বিরুদ্ধে এবং তার চাচাতো ভাই হারুন ও বাদলসহ তার মেয়ে কুলসুম বেগম ও কুলসুম বেগমের সন্তানদের জড়িয়ে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ কাল্পনিক। সমাজে তাদের দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ন ও হেয়প্রতিপন্ন করার হীন চক্রান্তে লিপ্ত হয়ে একটি কুচক্রী মহল এই ভিত্তিহীন সংবাদটি প্রকাশ করিয়েছে।

“প্রকাশিত সংবাদে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগের তথ্য বা প্রমাণ উল্লেখ করা হয়নি। এতেই প্রমাণিত হয় যে, এলাকার একটি চক্র উদ্দেশ্যমূলকভাবে তাদের মান-সম্মান নষ্ট করার জন্য সাংবাদিককে ভুল ও মিথ্যা তথ্য দিয়ে এই সংবাদটি পরিবেশন করিয়েছে।”

প্রতিবাদ লিপিতে তিনি আরও দাবি করেন, এলাকায় নিরপেক্ষ তদন্ত করলেই প্রকাশিত সংবাদের সত্যতা যে শূন্য এবং তা সম্পূর্ণ সাজানো, সেই সত্য বেরিয়ে আসবে।

মোঃ শাহাব উদ্দিন এই মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। একই সাথে, যারা ষড়যন্ত্রমূলকভাবে এই মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য ও মাননীয় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এবং আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।