বেতাগীতে সনাতনীদের সাথে সাবেক সাংসদ নুরুল ইসলাম মণি’র মতবিনিময়
বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথ মর্যাদা ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বরগুনার বেতাগীতে সনাতন সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বরগুনা ২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি।
শনিবার বিকেল ৫ টায় পৌরসভার কেন্দ্রীয় কালি মন্দিরে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বেতাগী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী কৃষ্ণ কর্মকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম মণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মল্লিক, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ জলিলুর রহমান খান নান্না, সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান, উপজেলা ছাএদলের সাবেক সভাপতি মোঃ নুরুল ইসলাম পান্না প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে সবাইকে মিলেমিশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে হবে। শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করার জন্য সবাইকে সহযোগিতার আশ্বাস দেন সাবেক এমপি নুরুল ইসলাম মণি।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































