# Tags

ফুলবাড়ী ট্র্যাজেডি দিবসে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় সম্পদ রক্ষার আন্দোলনে নিহতদের স্মরণে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় ফুলবাড়ী শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দিনব্যাপী আলোচনা সভা, সমাবেশ ও শোক র‌্যালির আয়োজন করা হয়।

২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রতিবাদে আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে তরিকুল, আমিন ও সালেকিন নিহত হন। এ ঘটনায় দুই শতাধিক মানুষ আহত হন বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়। এরপর থেকে প্রতিবছর ২৬ আগস্ট দিনটি ‘ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস’ হিসেবে পালন করে আসছেন আন্দোলনকারীরা।
শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শেষে নিমতলা মোড়ে জাতীয় তেল, গ্যাস ও খনিজ সম্পদ রক্ষা কমিটির ফুলবাড়ী শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় তেল, গ্যাস ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির নেতা অধ্যাপক আনু মোহাম্মদ।
ফুলবাড়ী তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম (জুয়েল) সভায় সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন এস এম নুরুজ্জামান, মো. হামিদুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সভায় অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, জাতীয় সম্পদ রক্ষা আন্দোলনের ইতিহাসে ফুলবাড়ী একটি গুরুত্বপূর্ণ দিন। তিনি গ্যাস, তেল ও কয়লাসহ দেশের সব প্রাকৃতিক সম্পদের ওপর জনগণের মালিকানা নিশ্চিত করে জনস্বার্থে ব্যবহারের দাবি জানান।
তিনি আরও বলেন, আন্দোলনের ২০ বছর পার হলেও ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন হয়নি। এশিয়া এনার্জির কার্যক্রম এবং উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের উদ্যোগ নিয়ে উদ্বেগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। দেশের সমুদ্রসীমার গ্যাস সম্পদ নিয়েও অসম চুক্তির মাধ্যমে বহুজাতিক কোম্পানিকে সুবিধা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
আনু মোহাম্মদ বলেন, ফুলবাড়ীর মানুষ প্রয়োজনে আবারও আন্দোলনে নামবে। সরকারকে ফুলবাড়ীতে কয়লা খনি স্থাপনের পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিএনপি সরকার কয়লা উত্তোলনের সিদ্ধান্ত নিলে জনগণের কাছে তা প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে ফুলবাড়ী দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। ‘সম্মিলিত আমরা ফুলবাড়ীবাসী’র ব্যানারে সাবেক পৌর মেয়র মো. মর্তুজা সরকার (মানিক) এবং ‘সম্মিলিত নাগরিক সমাজ’-এর ব্যানারে সাবেক পৌর মেয়র ও সমাজসেবক আলহাজ মাহমুদ আলম লিটনের নেতৃত্বে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে সংগঠনগুলোর পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ ছাড়া স্থানীয় বিভিন্ন সংগঠনও দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে ফুলবাড়ী আন্দোলনে নিহতদের স্মরণ করে।