দিনাজপুর এলজিইডি ভবনে অগ্নিকান্ড পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি -দিনাজপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর ৫টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকা গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায়।
ঘটনার সময় ভবনের চতুর্থ তলায় থাকা দুই সরকারি কর্মকর্তা আটকা পড়েন। তাদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যুগ্ম পরিচালক রবিউল ইসলামকে আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপরজন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী মুন্নাফ হোসেন, অক্ষত অবস্থায় উদ্ধার হন।
দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা ওবায়দুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, আগুন নেভাতে আমাদের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান জানান, দ্বিতীয় তলায় অগ্নিকান্ডে অফিসের কিছু ফাইলপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। চতুর্থ তলায় থাকা অতিথিদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন।
ঘটনার তদন্তের জন্য দিনাজপুর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. শামীম আখতারকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































