ভালুকায় সিএনজি সহ চুরি চক্রের এক সদস্য আটক
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি-
সোমবার (১৭ জুন ) রাতে ময়মনসিংহের ভালুকায় চেকপোস্ট বসিয়ে চুরি হওয়া একটি সিএনজি উদ্ধার করেছে পুলিশ। এ সময় সিএনজি চুরি চক্রের সদস্য রাকিবকে আটক করা হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, পুলিশ কন্ট্রোল রুমের বেতার বার্তার মাধ্যমে তারা জানতে পারেন, ময়মনসিংহের মুক্তাগাছা থানা এলাকা থেকে একটি সংঘবদ্ধ চক্র একটি সিএনজি চুরি করে ভালুকার দিকে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ভালুকার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট স্থাপন করে পুলিশ। পরে একটি সন্দেহভাজন সিএনজি আটক করা হয়। এ সময় চক্রের দুই সদস্য পালিয়ে গেলেও রাকিব নামের একজনকে ঘটনাস্থল থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
ওসি আরও জানান, আটক রাকিবকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া সিএনজিটি বর্তমানে থানায় রয়েছে। চক্রের পলাতক অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































