# Tags

বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর কুচকাওয়াজ অনুষ্ঠিত

মোঃ রাশেদুল ইসলাম,নাটোর-বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠান বাগাতিপাড়া কাদিরাবাদ সেনানিবাসস্থ ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারী ইঞ্জিনিয়ারিং (ইসিএসএমই)’তে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান এর প্রধান অতিথি হিসেবে মেজর জেনারেল ইফতেখার আনিস, বিএসপি, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, পিইঞ্জ, মহাপরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

আজকের এই নান্দনিক ও চৌকষ প্যারেডের মাধ্যমে ইঞ্জিনিয়ার্স কোরের সৈনিকবৃন্দ বাংলাদেশ সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগদান করলো। অনুষ্ঠান এর প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় ইঞ্জিনিয়ার্স কোরের অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য নবীন সৈনিকদের প্রতি আহবান জানান। সেইসাথে দেশমাতৃকার সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে নবীন সৈনিকদের উদ্বুদ্ধ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, জেসিও, অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ, প্রশিক্ষণ সম্পন্নকারী রিক্রুটগণের পরিবারের সদস্যবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন।