# Tags

নবাবগঞ্জে ২ কেজি গাঁজা ও নগদ অর্থসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের রুপারচর এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু হানিফের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই মো. কামরুজ্জামান, এএসআই মো. ইব্রাহীম, এএসআই মশিউর রহমান সুজনসহ পুলিশের একটি দল অংশ নেয়।

অভিযানকালে শোল্লা ইউনিয়নের রুপারচর এলাকায় মোহাম্মদ আলীর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা। এ সময় মাদক বিক্রির নগদ ১ লাখ ৫০ হাজার টাকাও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন রুপারচর এলাকার মৃত লাভলু মিয়ার ছেলে মোহাম্মদ আলী (২৯) এবং মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার নিলাম্বরপট্টি এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মো. জাকির (৩০)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে নবাবগঞ্জ থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।