# Tags

​লামায় বৃদ্ধাশ্রমের জায়গা নিয়ে সালিশি বৈঠকে হামলা!পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা বাহিনী ও পুলিশ

বেলাল আহমদ,​লামা (বান্দরবান) প্রতিনিধি:বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে কোয়ান্টাম ফাউন্ডেশনের বৃদ্ধাশ্রমের জায়গার সীমানা নির্ধারণ ও মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জায়গা সংক্রান্ত কাগজপত্র যাচাইয়ের জন্য ডাকা একটি সালিশি বৈঠকে গফুর ম্যানেজারের পক্ষের হামলায় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কোয়ান্টাম ফাউন্ডেশনের বৃদ্ধাশ্রমের জায়গার সীমানা নিয়ে স্থানীয় গফুর ম্যানেজারের পক্ষের সাথে কোয়ান্টামের বিরোধ চলে আসছিল। এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আজ উভয় পক্ষকে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও দলিলপত্র নিয়ে একটি সালিশি বৈঠকের ডাক দেওয়া হয়। বৈঠকে গফুর ম্যানেজার, কামাল উদ্দিন, কালা আনোয়ার, শাহ মিয়া, মোহাম্মদ রায়হান,কোয়ান্টাম প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​কোয়ান্টাম ফাউন্ডেশনের ইনচার্জ আসাদুল ইসলাম অভিযোগ করে বলেন, “আজকের সালিশ বৈঠকে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী দুপক্ষের কাগজপত্র ও দলিল আনার কথা ছিল। আমরা কোয়ান্টামের পক্ষ থেকে সব বৈধ কাগজ ও দলিল উপস্থাপন করেছি। কিন্তু গফুর ম্যানেজার কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এক পর্যায়ে কাগজ দেখাতে ব্যর্থ হয়ে গফুর ম্যানেজার হঠাৎ করেই আমাদের লোকজনকে মারধর শুরু করেন। এরপর দুপক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।”

​এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে।