# Tags

দৌলতপুরে পুলিশের অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ বাবা ছেলে আটক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবাসহ বাবা-ছেলেকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) ভোররাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে মৃত আইনুদ্দিনের ছেলে মো. বিপ্লব (৫০) এবং তার ছেলে মো. বিজয় (২৫) কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আটক ব্যক্তিদের বাড়ির গোয়ালঘরে গরুর খাবার রাখার পাত্র (চারী) এর ভেতর থেকে একটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড গুলি এবং নয় পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকের ঘটনায় দুই আসামিকে দৌলতপুর থানা হেফাজতে নেওয়া হয়েছে।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, অস্ত্র, গুলি ও মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের উৎস এবং আসামিদের সম্ভাব্য অপরাধী নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।