তালায় ৩ দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন
শামীম খান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি-সাতক্ষীরার তালায় বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবি বাস্তবায়ন ও ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শিক্ষকদের মূল বেতনের ওপর ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫ শত টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে তালা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন। প্রভাষক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তালা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, সুভাষিনী কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, শালিখা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গফুর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফুল ইসলাম, অধ্যাপক নিলুফার বানু, তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মইনুল ইসলাম, সাবেক সভাপতি জগদীশ হালদার, শিক্ষক নেতা মানিক চন্দ্র নাথ, হাছিবুর রহমান, মোঃ মতিয়ার রহমান, জাহাঙ্গীর হাসান, আব্দুস সামাদ সেলিম, মতিউর রহমান, শ্যামল চৌধুরী, অরুণ কুমার আইচ, মোঃ কামরুজ্জামান, সোনালী রাণী, রবিউল ইসলাম, নুর মোহাম্মদ পাড় প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মাত্র ১ হাজার টাকা বাড়ি ভাড়া, ৫শ টাকা চিকিৎসা ভাতা নিয়ে বে-সরকারী শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছে। যেখানে সরকারী অফিসের একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর বেতনও শিক্ষকদের থেকে অনেক বেশি। অনতি বিলম্বে শিক্ষকদের নায্য দাবি, ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫% উৎসব ভাতা প্রদানের দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। এসময় ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশী নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অপরাধী পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































