# Tags

গোবিন্দগঞ্জে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ

তৌফিকুল ইসলাম মহন,গোবিন্দগঞ্জ প্রতিনিধি:-রাতের আঁধারে পুকুরে বিষাক্ত ‘গ্যাস ট্যাবলেট’ ঢেলে প্রায় দুই লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এক রাতের বিষাক্ত থাবায় ভেসে উঠেছে এক মৎস্যচাষীর হাড়ভাঙা খাটুনি আর বহু দিনের লালিত স্বপ্ন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পারগয়ড়া গ্রামে চাঞ্চল্যকর ও নির্মম এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টার দিকে পারগয়ড়া গ্রামের মৎস্যচাষী সুমন ইসলামের বসতবাড়ির পাশে ৬০ শতকের পুকুরে রাতের আঁধারে অলক্ষে বিষাক্ত ট্যাবলেট প্রয়োগ করে একদল দুর্বৃত্ত। সুমনের মা বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

পরদিন সকালে পুকুরের থোকা থোকা পানিজুড়ে কেবলই মরে ভেসে থাকা মাছের হাহাকার। রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০ মণ মাছ এক নিমিষেই নিথর হয়ে ভেসে ওঠে পুকুরের পানিতে। মুহূর্তের মধ্যে রঙ রঙিন স্বপ্নের বদলে পুরো পরিবারে নেমে আসে কান্নার রোল। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী পরিবারের দাবি, এই জঘন্য হামলায় তাদের অন্তত দুই লাখ টাকার অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। যে স্বপ্ন বুকে নিয়ে এতগুলো দিন যত্ন করা হয়েছিল, তা আজ কেবলই মরা মাছের রূপ ধরে ভেসে রয়েছে।

নিরাপত্তাহীনতায় ভোগা ভুক্তভোগী পরিবারটি এ ঘটনায় ন্যায়বিচার ও জড়িত দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত করে কঠোর আইনগত শাস্তির দাবি জানিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত শুরু করেছে।