নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে- আবু হানিফ
আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি-কিশোরগঞ্জ-১ সদর আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে গণসংযোগ করেছেন এই আসনের সংসদ সদস্য পদ প্রার্থী গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
বৃহস্পতিবার ২১ই আগষ্ট বিকেলে সদর উপজেলার কর্শাকড়িয়াইল ও দানাপাটুলী ইউনিয়নের দলের নেতাকর্মীদেরকে নিয়ে বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষার পরিবর্তন হয়েছে। মানুষ রাজনীতিতে ক্লিন ইমেজের মানুষ চায়,মানুষ নতুন নেতৃত্ব চায়।আমরা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ট্রাক মার্কা নিয়ে মানুষের কাছে যাচ্ছি মানুষের ইতিবাচক সাড়া রয়েছে নতুন দল হিসেবে গণঅধিকার পরিষদের প্রতি আগ্রহ আছে। সামনের নির্বাচন সুষ্ঠু হলে জনগণ আমাদের ভোট দিবে। এই সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে,কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের নিরপেক্ষতা দেখা যাচ্ছে না। এমন অবস্থায় নির্বাচন হলে আওয়ামিলীগ আমলের মতই হবে।নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে কোনো নির্বাচন হতে দিবে না জনগণ। এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটা সুষ্ঠু নির্বাচন করা। ড.ইউনুস আন্তর্জাতিক ভাবে সম্মানিত ব্যক্তি।নির্বাচন সুষ্ঠু না হলে আন্তর্জাতিক অঙ্গনে ড.ইউনূসের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।তাই যেকোনো মূল্যে এই নির্বাচনকে সুষ্ঠু করতে হবে।
এসময় গণ সংযোগে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার দপ্তর সম্পাদক কবি আল মোহাম্মদ মোস্তফা, গণনেতা সেলিম খান,আরমান, আকরাম, শফিকুল ইসলাম প্রমুখ।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































