# Tags

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুলের পক্ষে প্রচারণা শুরু

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতাঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও–১ (সদর) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এ প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রচারণার উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন। এ সময় দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও বন্ধুদের সঙ্গে নিয়ে তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

প্রচারণাকালে মির্জা ফয়সাল আমিন উপস্থিত সাংবাদিকদের বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার নিশ্চিত এবং স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপির বিকল্প নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন পরীক্ষিত, সাহসী ও ত্যাগী নেতা। ঠাকুরগাঁও–১ আসনের মানুষ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের পক্ষে রায় দেবেন—এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।

নির্বাচন আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নির্বাচন আচরণবিধি মেনে চলতে সচেতন। একই সঙ্গে তিনি অন্যান্য রাজনৈতিক দল ও সাধারণ নাগরিকদেরও আচরণবিধি সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।