কটিয়াদীতে স্কুল কমিটিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত
আব্দুর রউফ ভূঁইয়া,কিশোরগঞ্জ প্রতিনিধি-কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুল কমিটি কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
নিহত যুবকের নাম আশিক খাঁ। তিনি মুমুরদিয়া ইউনিয়নের চাতল গ্রামের আরব আলী খাঁর ছেলে।
শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটি নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দন ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে এতে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ অন্তত ১০ জন আহত হন।তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আশিকের মৃত্যু হয়।
কিশোরগঞ্জের হোসেনপুর-কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন সংবাদ মাধ্যমকে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































