পঞ্চগড়ে প্রায় সাড়ে আট হাজার পিস নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ সেনাবাহিনীর হাতে একজন আটক
পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড়ে ফার্মেসীর ব্যবসার আড়ালে নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেটের একটি বড় চালান আটক করা হয়েছে।
গোয়েন্দা ও স্থানীয় তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে আট হাজার ৪শ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ইব্রাহিম আলী (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মো. মেহেদী পিয়াস জয়ের নেতৃত্বে পঞ্চগড় সদরের ব্যারিস্টার বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভাই বোন ফার্মেসি নামের তার নিজস্ব প্রতিষ্ঠান থেকে ইব্রাহিমকে আটক করা হয়। পরে তাকে সাথে নিয়ে পূর্ব মোলানিপাড়া এলাকায় তার বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির ছাদের ওপর রাখা দুটি ব্যাগ থেকে আট হাজার ৪শ পিস নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট জব্দ করা হয়।
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সদস্যদের খবর দিয়ে জব্দকৃত ট্যাবলেটসহ ইব্রাহিমকে প্রথমে পঞ্চগড় সেনা ক্যাম্পে নেয়া হয়। পরে সেখান থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে তাকে করা হয়। আটক ইব্রাহিম দীর্ঘদিন ধরে ফার্মেসির পাশাপাশি মাদক কেনাবেচার সাথে জড়িত ছিলেন তিনি বলে জানা গেছে। জব্দকৃত ট্যাপেন্ডাডল ট্যাবলেটের বাজার মূল্য ২৫ লাখ ২০ হাজার টাকা। একই সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ সময় পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর মো. মেহেদী পিয়াস জয় বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সারাদেশে জনকল্যাণমূলক কাজে নিয়োজিত আছে। এরই প্রেক্ষিতে আমরা মোলানিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করি।
এ সময় আট হাজার ৪শ পিস নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ একজনকে আটক করি। মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পঞ্চগড় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, মাদকসহ আটক ব্যক্তিকে হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। #
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































