বকশীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির সাধারণ সম্পাদক বহিস্কার
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি-জামালপুরের বকশীগঞ্জে দলীয় নির্দেশনা অমান্য করে নৌকায় ভোট চাওয়ায় সাইফুল ইসলাম দাদা নামে এক বিএনপি নেতাকে বহিস্কার করেছে উপজেলা বিএনপি।
১৩ ডিসেম্বর (বুধবার) সকাল ১০ টায় উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেন।
সাইফুল ইসলাম দাদা উপজেলার মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, ১০ ডিসেম্বর (রোববার) রাত ৮ টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কাঁচা বাজার সমিতির সভাপতি হিসেবে সাইফুল ইসলাম দাদা অংশ গ্রহণ করেন।
মতবিনিময় সভার এক পর্যায়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদকে বিজয়ী করার লক্ষ্যে নৌকার পক্ষে ব্যবসায়ীদের কাছে ভোট প্রার্থনা করেন মেরুরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দাদা।
নৌকায় ভোট চাওয়ার বিষয়টি জানাজানি হলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ক্ষুব্ধ বিএনপি নেতা কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইফুল ইসলাম দাদাকে বহিস্কারের দাবিতে জানান।
অবশেষে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বুধবার সকালে তাকে বিএনপির সাধারণ সম্পাদক সহ দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিস্কার করা হয়।
এব্যাপারে বহিস্কৃত বিএনপি নেতা সাইফুল ইসলামের মুঠোফোনে বার বার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায় নি।









































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































