পঞ্চগড়ে প্রকাশ্য দিবালোকে কাজী ফার্মসের ছয় শতাধিক গাছ কেটে নিয়ে গেছে দুবৃত্তরা
পঞ্চগড় প্রতিনিধি-পঞ্চগড় জেলা সদরের হাফিজাবাদ ইউনিয়নে অবস্থিত কাজী ফার্মস লিমিটেডের প্রতিষ্ঠান কাজী হাড়িভাসা ফার্মস লিমিটেডের নিজ জমিতে লাগানো বিভিন্ন প্রজাতির প্রায় ছয় শতাধিক গাছ কেটে নিয়ে গেছে দুবৃত্তরা। এ ব্যাপারে কাজী ফার্মসের পক্ষ থেকে একই উপজেলার আমবাড়ি গ্রামের গোলাম মোস্তফাকে প্রধান আসামী করে পঞ্চগড় সদর থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মডেল বাজার এলাকার মজিবরের স’মিল থেকে কিছু গাছের গুড়ি উদ্ধার করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের সর্দারপাড়া মৌজায় কাজী ফার্মস লিমিটেডের কাজী হাড়িভাসা ফার্মস লিমিটেড কয়েকটি দলিলের মাধ্যমে প্রায় ৩০ একর জমি ক্রয় করে ভোগদখল করে আসছিল। গত ২৭ জানুয়ারি বেলা দেড়টার দিকে পার্শ্ববর্তি আমবাড়ি গ্রামের মৃত রমজান আলীর ছেলে গোলাম মোস্তফার নেতৃত্বে একদল দুবৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে ওই ফার্মের প্রায় ১১ একর জমিতে অনধিকার প্রবেশ করে জমিতে লাগানো দুইশটি ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে যায়। যার বাজারমূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। সেখানে আরও ৪০টি গাছ কেটে ফেলে রাখে। এ সময় তারা জমির চারপাশের ৫০টি পিলার নিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই কাজী ফার্মস লিমিটেড পঞ্চগড় রিজিয়নাল অফিসের এক্সিকিউটিভ (লিগ্যাল অ্যাফেয়ার্স) বোরহান উদ্দীন বাদি হয়ে পঞ্চগড় সদর থানায় একটি মামলা করেন। মামলায় গোলাম মোস্তফাকে প্রধান আসামি করে তার দুই ভাই মাহবুবুর রহমান ও আশরাফুল ইসলাম এবং একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে আতিয়ার রহমান, নুরুজ্জামান, সাগর হোসেন ও শান্তর নামে উল্লেখসহ আরও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। ওই ঘটনার তিন দিনের মাথায় ৩০ জানুয়ারি সকাল সাড়ে নয়টার দিকে গোলাম মোস্তফার নেতৃত্বে দুবৃত্তরা আবারও একই জমিতে লাগানো ৩৫০টি ইউক্যালিপটাস, একটি বড় কাঁঠাল গাছ, একটি বড় কদম গাছ কেটে নিয়ে যায়। যার বাজারমূল্য প্রায় তিন লাখ ৬৭ হাজার টাকা। এ সময় তারা ৩০টি পিলার ও কাটাতারের বেড়া খুলে নিয়ে যায়। এ সময় নিরাপত্তাকর্মীরা সেখানে অবস্থান করলেও তাদের মারমূখি আচরণ ও অস্ত্রের ভয়ে নিরাপদ দুরত্বে চলে যায়। এ ঘটনায় গত ২ ফেব্রুয়ারি কাজী ফার্মস লিমিটেড পঞ্চগড় রিজিয়নাল অফিসের এক্সিকিউটিভ (লিগ্যাল অ্যাফেয়ার্স) বোরহান উদ্দীন বাদি হয়ে পঞ্চগড় সদর থানায় আরও একটি মামলা করেন। মামলায় গোলাম মোস্তফাকে প্রধান আসামী করে আরও ১১ জনের নাম উল্লেখসহ ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামী করা হয়।
এ ব্যাপারে কাজী ফার্মস লিমিটেড পঞ্চগড় রিজিয়নাল অফিসের এক্সিকিউটিভ (লিগ্যাল অ্যাফেয়ার্স) বোরহান উদ্দীন জানান, আমাদের কোম্পানীর ক্রয় করা জমিতে লাগালো প্রায় ছয়শ গাছ কেটে নেয়ার ঘটনায় আমরা থানায় দুইটি মামলা করেছি। যা বর্তমানে তদন্তাধিন রয়েছে। এর আগেও মোস্তফা গংদের বিরুদ্ধে আক্রমন, মারপিট অগ্নিসংযোগ ও নানারূপ অত্যাচারের ঘটনায় আদালতে দুইটি মামলা চলমান রয়েছে।
একটি মামলার তদন্তকারী কর্মকর্তা বেলাল হোসেন জানান, কাজী ফার্মের পক্ষ থেকে পঞ্চগড় থানায় দুইটি মামলা করা হয়েছে। এর মধ্যে একটি মামলা আমি তদন্ত করছি। বর্তমানে দুইটি মামলাই তদন্তাধিন রয়েছে। গত শনিবার আমরা মডেল বাজার থেকে চুরি যাওয়া কিছু গাছের গুড়ি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। #






























































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































