ভালুকায় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে এমপি ফখর উদ্দিন
মোঃ আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি-ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোর বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাটাজোর বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যবসায়ীরা বাজারের বিভিন্ন সমস্যা, ব্যবসার পরিবেশ, নিরাপত্তা, যানজট ও অবকাঠামোগত বিভিন্ন বিষয় সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। বাটাজোর বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের সমস্যাগুলো গুরুত্ব দিয়ে দেখা হবে। ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে জন্য সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে জনপ্রতিনিধি, প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় জরুরি। জনগণের সমস্যা শুনে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়াই তাঁর প্রধান লক্ষ্য।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, অ্যাডভোকেট উসমানগনি মাখন, মুজিবুর রহমান মজু, শাখাওয়াত হোসেন পাঠান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু, সংসদ সদস্যের সহকারী এফ এম শরিফুল আলম সোহেলসহ বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সভায় বাটাজোর বাজারের ব্যবসায়ী নেতারা বাজারের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে সেগুলো সমাধানে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































