খাগড়াছড়িতে জেলা ভিত্তিক অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম (ডিএপি) গঠন ও বৈঠক অনুষ্ঠিত
খাগড়াছড়ি প্রতিনিধি।। কুষ্ঠ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, বৈষম্য দূরীকরণ এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে কাজ করার লক্ষ্যে খাগড়াছড়িতে জেলা ভিত্তিক অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম (ডিএপি) গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলার পানখাইয়াপাড়া এলাকায় আলো এনজিওর কার্যালয়ে কুষ্ঠ মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিএইচটি (CHT) প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক পরশ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলো এনজিওর নির্বাহী পরিচালক অরুণ কানি চাকমা।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তর খাগড়াছড়ির উপ-পরিচালক হাফিজা আইরিন, ২৫৭ নং খাগড়াছড়ি নুনছড়ি মৌজার হেডম্যান ক্ষেত্র মোহন রোয়াজা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল এবং সিএইচটি প্রকল্পের খাগড়াছড়ি জেলা সমন্বয়ক বীরমোহন ত্রিপুরা।
বক্তারা কুষ্ঠ রোগ সম্পর্কে সমাজে প্রচলিত কুসংস্কার ও বৈষম্য দূর করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কুষ্ঠে আক্রান্ত ব্যক্তিদের স্বাস্থ্যসেবা, পুনর্বাসন ও সামাজিক অধিকার নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সুশীল সমাজ এবং ধর্মীয় নেতাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় জেলার বিভিন্ন সিএসও প্রতিনিধি, ধর্মীয় নেতা এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































