পঞ্চগড়ে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজি প্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন
পঞ্চগড় প্রতিনিধি-কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কেজি প্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডি। রোববার দুপুরে পঞ্চগড় জেলা শহরের কায়েতপাড়ায় পঞ্চগড়- বাংলাবান্ধা মহাসড়কের ধারে কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারী কৃষক ও সংগঠনের নেতারা বলেন, কয়েক বছর ধরে আলুর ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকরা আর্থিকভাবে চরম সংকটে রয়েছেন। এর মধ্যে হঠাৎ করে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধি করায় কৃষকদের উদ্বেগ আরও বেড়েছে। তারা অভিযোগ করেন, বর্তমানে প্রতি বস্তা আলু সংরক্ষণে ৪২০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে, যা কৃষকদের জন্য বহন করা অত্যন্ত কঠিন।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম বলেন, আমরা কয়েকবার আলুতে প্রচুর পরিমাণ লস খেয়েছি। এবার হঠাৎ করে স্টোরেজ ভাড়া বস্তায় ৪২০ টাকা করা হয়েছে। আমাদের কৃষকের অবস্থা ভালো না। লস খেতে খেতে আমাদের ওয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের কৃষকের প্রাণের দাবি প্রতি কেজি আলু স্টোরেজ ভাড়া ৫ টাকা করা হোক। সংগঠনের সদস্য মির্জা সলিমুল্লাহ হক বলেন, আমরা এবার আলুতে দাম পাইনি। এরপরও যদি আলুর ৮ টাকা কেজি কোল্ড স্টোরেজ ভাড়া দিতে হয়। তাহলে আমরা কৃষক ক্ষতিগ্রস্ত হব। আমাদের দাবি কোল্ড স্টোরেজ ভাড়া প্রতি কেজি যেন পাঁচ টাকা করে নেয়া হয়। এছাড়া কোল্ড স্টোরেজের কিছু সুযোগ সুবিধা আমরা যেন পাই । প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি আমাদের আলুর দাম যেন বাড়তি থাকে এবং এই আলু যেন দেশের বাইরে রপ্তানির উদ্যোগ নেয়া হয়। #



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































