চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সোয়া ১ কেজি হেরোইন উদ্ধারের মামলায় আব্দুল আলিম (২৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান।
দণ্ডপ্রাপ্ত আব্দুল আলিম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর মুচড়াপাড়া গ্রামের মো. মোস্তফার ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবদুল ওদুদ জানান, ২০২১ সালের ৬ জুলাই চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর সদর ইউনিয়নের কাশিপুর গ্রামে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে ১ কেজি ৯৫০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক হন আলিম। এ ঘটনায় পরদিন ৭ জুলাই গোমস্তাপুর থানায় আলিমকে একমাত্র আসামি করে মামলা করেন র্যাবের তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) আকরামুল হক। ২০২১ সালের ১ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং গোমস্তাপুর থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস একমাত্র আলিমকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশিট দাখিল করেন। ১১ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানি শেষে আদালত সোমবার আলিমকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জহির জামান জনি।















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































