# Tags

দৌলতপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির সবাই পলাতক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেরপুর বাজার এলাকায় শাপলা খাতুন (১৮) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, মরদেহটি ঘরের বিছানায় শোয়া অবস্থায় ছিল। শরীরে আঘাতের কোনো স্পষ্ট চিহ্ন না থাকলেও গলায় রশির দাগের মতো চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করছে পুলিশ।

তবে এলাকাবাসী প্রশ্ন তুলেছে আত্মহত্যা করলে লাশ ঝুলন্ত অবস্থায় থাকবে, বিছানায় থাকার ব্যাপারটা সন্দেহজনক।

নিহত শাপলা খাতুন ওই এলাকার সৌদি প্রবাসী রনি হোসেনের স্ত্রী এবং একই ইউনিয়নের পঁচাভিটা গ্রামের সৌদি প্রবাসী আরিফ মোল্লার মেয়ে।

স্থানীয় আরও বলেন, পারিবারিক কলহের জেরে শাপলা কিছুদিন ধরে বাবার বাড়িতে ছিলেন। সোমবার তার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে পারিবারিক বোঝাপড়ার পর তাকে আবার স্বামীর বাড়িতে পাঠানো হয়। তবে পরদিন সকালে ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ঘটনার পর থেকে শাপলার শ্বশুরবাড়ির সবাই পলাতক রয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।