# Tags

মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে সম্প্রীতির ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সেনা জোনের উদ্যোগে শুরু হয়েছে সম্প্রীতির ফুটবল টুর্নামেন্ট। খেলাধুলার মাধ্যমে পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে মহালছড়ি মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা। এ সময় শান্তির প্রতীক পায়রা ও কবুতর উড়িয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মহালছড়ি মুসলিমপাড়া স্কোটিং ক্লাব ও মুড়াপাড়া একতা ক্লাব। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা বলেন, খেলাধুলা মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যম। পাহাড়ে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ করে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে তাদের মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব।

মহালছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-জাবির আসিফ বলেন, সম্প্রীতির এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে পাহাড়ে শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে যুবসমাজ খেলাধুলার প্রতি আগ্রহী হয়ে মাদক থেকে দূরে থাকবে।

এর উদ্বোধনী খেলায় সাংস্কৃতিক ডিসপ্লে প্রর্দশন করা হয়েছিলো।

আয়োজকরা জানান, টুর্নামেন্টে ১৬ টি টীমের অংশগ্রহণ করেন। আগামী ২৩ সেপ্টেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি হবে।