খাগড়াছড়ি জেলা পরিষদের নবগঠিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা দিলো বিএনপি
খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা দিয়েছে খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপি। শনিবার (২৯ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে ১৪ সদস্য বিশিষ্ট জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এর পূর্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে জেলা পরিষদ এর নবগঠিত চেয়ারম্যান ও সদস্যরা।
সংবর্ধনা অনুষ্ঠানে নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা বলেন, খাগড়াছড়ি পার্বত্য পরিষদ জেলার গণমানুষের কল্যাণে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে চাই। পরিষদের দায়িত্ব জনগণের আমানত। জেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও আর্থসামাজিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করবে।
জেলা পরিষদের এক সদস্য এম এন আবছার বলেন, নতুন পরিষদের কাছে মানুষের প্রত্যাশা অনেক। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের দোরগোড়ায় পরিষদের সেবা পৌঁছে দিতে আমরা কাজ করব।
আরেক সদস্য মোশাররফ হোসেন বলেন, পাহাড়ের সব সম্প্রদায়ের মানুষের সমঅধিকার ও উন্নয়ন নিশ্চিত করাই আমাদের অন্যতম লক্ষ্য। চেয়ারম্যানসহ সকল সদস্যের সমন্বিত প্রচেষ্টায় খাগড়াছড়িকে আরও এগিয়ে নেওয়া হবে।
অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, নবগঠিত জেলা পরিষদ জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সফলতা কামনা করেন।
পরে জেলা পরিষদের চেয়ারম্যান ও ১৪ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































